প্রিন্ট এর তারিখঃ Oct 31, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 24, 2026 ইং
ডিএনসির অভিযানে বগুড়ায় ধুনটে ইয়াবাসহ ২ জন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে ১৪ দিনের কারাদণ্ড

নিউজ ডেক্স : বগুড়ার ধুনটে ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২৪ আগস্ট ২০২৬) বিকেল ৪টার দিকে ধুনট উপজেলার ধুনট সদরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ধুনট সদরপাড়ার মৃত মংলার ছেলে মো. আমিনুল ইসলাম আমু (৪০) এবং একই এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে মো. ফরহাদ (৪০)।
ডিএনসি বগুড়া সূত্রে জানা যায়, ডিএনসির ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল ধুনট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে ধুনট সদরপাড়া এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে। এ সময় দুই ব্যক্তিকে আটক করে তাদের কাছ থেকে দুই পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতে দুই আসামিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
ডিএনসি জানায়, আদালতের নির্দেশনা অনুযায়ী উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট ঘটনাস্থলেই বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে।
মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
© দৈনিক আগামীর বাংলা